সিরাজগঞ্জে গৃহবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ
সিরাজগঞ্জে অনৈতিক সর্ম্পকের অপবাদে এক নারীকে বেঁধে রাতভর নির্যাতন করার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ডিগ্রিপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই নারীর বরাত দিয়ে স্থানীয়রা সাংবাদিকদের জানায়, বিএডিসি’র সাবেক কর্মচারী ডিগ্রিপাড়ার বাসিন্দা শামসুল বারি খান (৬০) শনিবার রাত ৯টার দিকে একই গ্রামের হতদরিদ্র এক প্রতিবন্ধীর স্ত্রীর ঘরে প্রবেশ করে।
বিষয়টি টের পেয়ে অনৈতিক সর্ম্পকের অভিযোগ এনে স্থানীয়রা ওই দুজনকে আটক করে। এরপর স্থানীয় একটি স্কুলে নিয়ে ওই নারীর হাত পিঠমোড়া করে বেঁধে রাতভর নির্যাতন করা হয় বলে জানান তারা।
ওই নারী স্থানীয় সাংবাদিকদের বলেন, জোরপূর্বক ঘরে ঢুকে শামসুল বারি তাকে ধর্ষণ করেছে।
এর আগেও সে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, শামসুলকে শাস্তি না দিয়ে শামসুলের ছোট ভাই শুকুর মাহমুদ খান ও ইউপি সদস্য হেলালের নির্দেশে তাকে বেঁধে নির্যাতন করা হয়।
ঘটনার সময় তার মানসিক ভারসাম্যহীন স্বামী বাড়ি ছিলেন না বলেও তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘অনৈতিক সম্পর্কে লিপ্ত অবস্থায়’ ওই নারী-পুরুষকে আটক করার পর সেখানে শত শত লোকজন জমায়েত হওয়ায় উত্তেজনা দেখা দেয়।
“নিরাপত্তার স্বার্থে চৌকিদার দিয়ে তাদের স্কুলে নিয়ে আটকে রাখা হয়। তবে, ওই নারীকে রশি দিয়ে বাঁধা হয়েছিল কি-না জানা নেই।”
গভীর রাতে পুলিশ এলেও সামাজিক বিচারের আশ্বাসে আটকদের পুলিশে সোর্পদ করা হয়নি জানিয়ে তিনি বলেন, রোববার সকালে সালিশে বৈঠক করে উভয়কে সতর্ক করে বিষয়টি সমাধান করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, “ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে হাত বাঁধা অবস্থায় পাইনি। ইউপি সদস্য ও স্থানীয় মাতবররা বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংশার আশ্বাস দেওয়ায় আমরা ফিরে আসি।”
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংশা হওয়ায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
