সিদ্ধিরগঞ্জে ৫ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ লাখ ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার মধ্যরাতের এই অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।
র্যাব -২ এর কর্মকর্তা মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা পাচারের একটি চক্রকে কিছু দিন ধরে অনুসরণের পর এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মঞ্জুর আলম (৪৯) এই চক্রের হোতা এবং গিয়াস উদ্দিন (৩১) তার প্রধান সহযোগী বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সেলিম (২৫),মো. মহিউদ্দিন (২৫), মো. আব্দুল মান্নান (৫৫) এবং মো. জাহাঙ্গীর আলম (৩৭)।
মেজর সালাউদ্দিন বলেন, “মঞ্জুর আলমের এই চক্রটিকে বেশ কিছু দিন ধরেই অনুসরণ করা হচ্ছিল। রোববার রাতে তা কাজে লেগে যায়।”
অভিযানের সময় তাদের কাছে ৫ লাখ ৪০ হাজারটি ইয়াবা ট্যাবলেট এবং ৩ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৯টি মোবাইল সেট ও পাঁচটি পাসপোর্ট জব্দ করা হয়।
এই র্যাব কর্মকর্তা বলেন, “আন্ডারওয়ার্ল্ডে মাদক কারবারি মঞ্জুর আলম পরিচিত নাম। ইয়াবা কারবারের জন্য দেশজুড়ে তার বড় সিন্ডিকেট রয়েছে।”
র্যাব জানায়, সমুদ্রপথে মিয়ানমার হতে টেকনাফ-কক্সবাজার হয়ে ট্রলারে ইয়াবার চালান আনোয়ারা কিংবা পতেঙ্গায় আনেন মঞ্জুর। এরপর তা দেশের বিভিন্ন স্থানে পাঠানোর দায়িত্ব ছিল সেলিম ও মহিউদ্দিনের।চালান আনার খবর জানতে পেরে সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাইভেটকার থেকে সেলিম ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে মঞ্জুরসহ অন্যদের শিমরাইলের মৌচাক বাসস্ট্যান্ড গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
এসব ইয়াবার প্রতিটি ৫০০ টাকা করে বিক্রি করা হয় বলে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছে।
