কামরাঙ্গীরচরে একজনকে ছুরি মেরে হত্যা
রাজধানীর কামরাঙ্গীরচরে একজনকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতের নাম আলমগীর হোসেন লিটন (৩৭), বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে।
ডিএমপির লালবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আর এম ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রনি মার্কেটের পেছন থেকে লিটনের মৃতদেহ উদ্ধার করা হয়।
“তাকে উপর্যুপরি ছুরি মারা হয়, বুকের মধ্যে হাতলবিহীন একটি ছুরি পাওয়াও যায়।”
এলাকাবাসী পুলিশকে জানিয়েছে, রনি মার্কেটের পেছনে কিছুটা নির্জন জায়গায় চিৎকার শুনতে পেয়ে সেখানে গিয়ে লাশ দেখে থানায় খবর দেন তারা।
নিহত যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম-ঠিকানা জানা যায়।
ঢাকার লালবাগের চৌধুরী বাজারের একটি ঠিকানা লেখা ছিল। তবে পুলিশ গিয়ে ওই বাসায় এই নামে কেউ থাকেন না বলে জানতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
