২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের উপর হামলার অভিযোগ, আটক ৩

বরিশালের হিজলা উপজেলায় আসামি ধরতে গিয়ে পাঁচ পুলিশের উপর হামলার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

তবে, আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার রাতে এ ঘটনার পর গ্রেপ্তাররা হলেন হিজলার গোবিন্দপুরের মালেক সরদারের স্ত্রী শাহনাজ বেগম, তাদের দুই মেয়ে সুমা আক্তার ও রুমা আক্তার।

হিজলা থানার ওসি গোলাম সরোয়ার বলেন, শনিবার রাতে গোবিন্দপুর এলাকায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি মামুন সরদারকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

“মামুন পালানোর সময় পুলিশ তার পিছু নিলে মামুনের বাবা মালেক সরদার, মা শাহনাজ বেগম এবং দুই বোন সুমা আক্তার ও রুমা আক্তার ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়।”

এ সময় ওই তিন নারীকে আটক করা হয় বলে জানান তিনি।

ওসি আরও বলেন, হামলায় আহত কনস্টেবল লাকি আক্তার, মহিউদ্দিন ও কামরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া তিনি নিজে এবং এসআই জহিরুল ইসলাম হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলে তিনি জানন।

এ হামলার ঘটনায় আলাদা মামলা হবে বলে ওসি গোলাম সরোয়ার জানান।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ্ সিকান্দার বিকাল ৪টার দিকে বলেন, ওসি গোলাম সরোয়ার কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেলেও এসআই জহিরুল ইসলাম এখনও ভর্তি আছেন।

“ওসির কবজির উপর টিন বা ধারালো অস্ত্রের হালকা কাটা দাগ হয়েছে। সেখানে ব্যান্ডেজ দেওয়া হয়েছে।”

ওসি বা এসআই কারও অবস্থাই গুরুতর কিছু না বলে ওই চিকিৎসক জানান।

এদিকে পুলিশের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করছেন আসামি মানুনের বাবা মালেক সরদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে আমার ছেলেকে একাধিক মামলার আসামি করেছে পুলিশ। তিন বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে সে।

“আমাকেও একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়ার পর আমি আর গ্রামে যাইনি।”

মালেক সরদার দাবি করেন, রোববার রাতে তার দুই মেয়ে বাড়িতে ছিলেন, আর স্ত্রী শাহনাজ বেগম ছিলেন পাশের বাড়িতে।

“গভীর রাতে থানার ওসি দরজা খুলতে বললে মেয়েরা দরজা খুলতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পুলিশ।

“মেয়েদের ডাক-চিৎকারে তাদের মা ছুটে এলে তাকে আটক করা হয়। এ সময় মেয়েরা বাধা দিতে গেলে তাদের মারধর এবং আটক করে পুলিশ।”