মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন
মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রোববার সকালে মুষলধারা বৃষ্টির মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের সামনে তারা এ কর্মসূচিতে অংশ নেন।
গত শুক্রবার মেডিকেল কলেজসমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সারাদেশে। পরীক্ষার আগে এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।
মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ধরা প্লেকার্ডে লেখা ছিল- ‘যদি হবে ফাঁস, পড়ব কেন বার মাস’, ‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজারদরে’, ‘প্রশ্নপত্র ফাঁস হলে দেশ যাবে রসাতলে’ ধরনের নানা স্লোগান।
মানববন্ধন চলাকালে মেডিকেলে ভর্তিচ্ছুক শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইসতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ বক্তব্য রাখেন।
জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষার আগের রাত একটা থেকে পর্যায়ক্রমে প্রশ্নপত্র ফেসবুকে ‘আপলোড’ হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল ৮টায়ও প্রশ্নপত্র ‘আপলোড’ হয়েছে।
যেই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে বলে দাবি করেন জাহিদুল।
ইসতিয়াক নাঈম বলেন, যারা মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য রাত দিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন, তারা কেউ এই প্রশ্নপত্রের পেছনে ছুটতে যাননি। যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছেন, তারাই এই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন।
“ফলে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।”
তিনি এই পরীক্ষার ফলাফল স্থগিত করার দাবি জানান।
এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
