ঢাকায় ১৮‘প্রতারক’ আটক
রাজধানীতে ‘অজ্ঞান ও মলম পার্টি’ হিসেবে পরিচিত ছিনতাইকারী ও প্রতারকচক্রের ১৮ জনকে আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, শনিবার রাতে গুলিস্তান, কলাবাগান ও যাত্রাবাড়ী থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
পরে গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে মহানগর পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, কলাবাগান থেকে আটকরা হলো- আবুল বাশার মোল্লা, মইনুল ইসলাম, ইকবাল হোসেন, নাছিমা ও মাকুল।
“এই দলটি বিভিন্ন বাস টার্মিনালে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে চেতনানশক মেশানো পিঠা, মুড়িসহ বিভিন্ন খাবার খাইয়ে তাদের অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়ে।”
আর যাত্রাবাড়ীতে আটক সুমন, সোহেল, সাইফুল ও রকিব সায়েদাবাদ থেকে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামগামী বাসে হকারবেশে উঠে যাত্রীদের মালামাল হাতিয়ে নিত বলে জানিয়েছে, বলেন শেখ নাজমুল।
“এ ধরনের কাজের সময় চক্রটির কয়েক সদস্য গাড়িতে যাত্রী বেশে অবস্থান নেয় বলে জানিয়েছে আটকরা।”
গুলিস্তানে আটকরা হলেন- নিয়ামুল শরীফ আহমেদ, আল আমিন, কবির আকন, কালু মিয়া, সাদ্দাম, আলমগীর হোসেন, আলম ওরফে শাহআলম, হাফিজ মিয়া ওরফে টুকু ও বিল্লাল বেপারী।
পুলিশ কর্মকর্তা শেখ নাজমুল বলেন, “তারা ৪/৫ বছর ধরে এই কাজে যুক্ত থাকার কথা জানিয়েছে। তাদের প্রতিটি গ্রুপে ২০/২৫ জন করে সদস্য রয়েছে। একাধিকবার তারা গ্রেপ্তারও হয়েছে।”
এই দলের নেতা নিয়ামুল ২ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে।
উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত উপ কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
