২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে হত্যা: ৯০০ জনকে আসামি করে পুলিশের মামলা

টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগ এনে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 01:04 AM

Updated : 25 Apr 2022, 01:53 PM

শনিবার কালিহাতী ও ঘাটাইল থানায় এ মামলা দুটি হয় বলে সংশ্লিষ্ট থানার শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের উপর হামলার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়া এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়।

কালিহাতী থানার ওসি শহিদুল ইসলাম জানান, এসআই মোশারফ হোসেন বাদী হয়ে সকালে তাদের থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

একই অভিযোগে ঘাটাইল থানার এসআই মনসুব আলী অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে তাদের থানায় একটি মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মুখলেছুর রহমান জানান।

ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন। গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় তিন উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে শনিবার রাতে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন।

ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, ওই ঘটনায় পুলিশের কোনো সদস্য ‘অপরাধ’ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভে গুলির ঘটনায় দায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও রাজনৈতিক সংগঠন। সোশ্যাল মিডিয়ায়ও এ ঘটনার প্রতিবাদ চলছে।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভ মোকাবেলায় বলপ্রয়োগের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।