একাংশের প্রতিবাদের মধ্যে বিএনপিপন্থি ডিইউজের নতুন কমিটি
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিএনপি সমর্থক অংশের নতুন কমিটি ঘোষণা করেছে একপক্ষ, যারা জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির পক্ষে অবস্থান নিয়েছিলেন।
শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে ডিইউজের এই অংশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান সাজুকে সভাপতি ও খায়রুল আলম বকুলকে সাধারণ সম্পাদক করে ২০১৫-১৬ সাল মেয়াদে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সদস্য আমানুল্লাহ কবীরসহ বিএনপিপন্থি অনেক সাংবাদিক নেতা সভায় উপস্থিত ছিলেন।
ডিইউজের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী সাধারণ সভায় নতুন কমিটির নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান।
নতুন কমিটির নেতারা বলছেন, ২০ সেপ্টেম্বর ডিইউজের কমিটির মেয়াদ শেষ হতে চলায় দুদিন আগে সাধারণ সভা আহ্বান করা হয়। সেখানেই সদস্যরা নতুন নেতৃত্ব ঠিক করেছেন।
তবে ডিইউজের এই অংশের বর্তমান কমিটির সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ বিএনপিপন্থি কয়েকজন সাংবাদিক নেতা নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন।
নতুন কমিটির সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু ও সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল।
বিএনপি-জামায়াত সমর্থক বিএফইউজের সভাপতি এম এ আজিজ এবং জাতীয় প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ কয়েকজন তাদের সমাবেশে যোগ দেন।
নতুন কমিটি কবে কার্যালয়ে বসে দায়িত্ব বুঝে নেবে জানতে চাইলে ডিইউজের নতুন সভাপতি এলাহী নেওয়াজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কিছু প্রক্রিয়া আছে সেগুলো শেষ করে বসব। তাছাড়া এবার দুই অংশ (আওয়ামী লীগ ও বিএনপি অংশ) এক হয়ে যাবে, তাদের সাথেও কথা বলতে হবে।”
সকাল থেকে বিএনপি সমর্থক ডিইউজে-বিএফইউজে নেতাকর্মীদের দুই অংশের পাল্টাপাল্টি অবস্থান ও বক্তব্যে প্রেসক্লাব এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে প্রেসক্লাব চত্বর থেকে চারজনকে ধরে নেয় শাহবাগ থানা পুলিশ। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত মে মাসে জাতীয় প্রেসক্লাবের এক সাধারণ সভায় সাংবাদিকদের এই সংঘে সমঝোতার কমিটি হয়। প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পেরিয়ে যাওয়ার পর নির্বাচনের কথা থাকলেও তা না হওয়ায় ওই কমিটি হয়, যার প্রতিবাদ জানিয়ে আসছে মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা।
ওই কমিটিতে দায়িত্ব নেওয়া ১০ জন আওয়ামী লীগ সমর্থিত এবং বাকী সাতজনের অধিকাংশই উদারপন্থি বিএনপি সমর্থক বলে পরিচিত।
