পল্লী কবির পাশে চিরঘুমে মওদুদপুত্র আমান
ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নানা পল্লীকবি জসীমউদদীনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ আহমেদ।
বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে হেলিকপ্টারের করে আমানের কফিন ফরিদপুর নেওয়া হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জসীমউদদীনের বাড়িতে নেওয়া হয় তার মরদেহ।
পরে কবির সমাধি প্রাঙ্গনে ‘জসিম মেলা মাঠে’ আমানের তৃতীয় জানাজা হয়। বাবা ব্যারিস্টার মওদুদ আহমদ, মামা খুরশিদ আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক সাংসদ শাহ আবু জাফর, আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার আওয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
বিকেল ৪টা ৫০ মিনিটে নানা ও নানী মমতাজ জসীমউদদীনের কবরের পাশে আমানকে দাফন করা হয়। এ সময় তার মা হাসিনা মওদুদ, খালা আসমা এলাহী চৌধুরীসহ অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
নানীর কবরের পাশে আমানের বড় ভাই আসিফ মওদুদও সমাহিত আছেন। ১৯৮০ সালের ৩০ মার্চ মওদুদ আহমদের বড় ছেলে আফিস মওদুদ ১২ বছর বয়সে মারা যান।
এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে আমানের মরদেহ নোয়াখালীর কোম্পানিগঞ্জে পৈত্রিক বাড়িতে নেওয়া হয়। সেখানে বসুরহাট মুজিব কলেজ মাঠে তার প্রথম জানাজা হয়।
এরপর হেলিকপ্টারে মরদেহ আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। দুপুরে জোহরের নামাজের পর হাই কোর্ট প্রাঙ্গনে হযরত শাহ খাজা শরফ উদ্দিন চিশতী (রহ) মাজার শরীফ মসজিদে আমানের দ্বিতীয় জানাজা হয়।
আমান মমতাজ আহমদ। (ফাইল ছবি)
বিএনপি নেতা আ স ম হান্নান শাহ, আবদুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আসাদুজ্জামান রিপন, সানাউল্লাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, আনহ আখতার হোসেন, লায়ন হারুন অর রশীদ, টিএম গিয়াস উদ্দিন, আহমেদ নজির, জাগপার শফিউল আলম প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, শামসুদ্দিন পারভেজ, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংক, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, বিজেপির আবদুল মতিন প্রভাষ ও ইসলামী আন্দোলনের নেতা এটিএম হেমায়েতউদ্দিনও জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজার পর লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হয় ফরিদপুরে।
গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। মঙ্গলবার সঙ্কটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার সময় আমান মারা যান। তার বয়স হয়েছিল ৩৮ বছর।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ছেলের মৃতদেহ ঢাকায় নিয়ে আসেন মওদুদ ও তার স্ত্রী হাসনা মওদুদ। রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে লাশ রাখা হয়।
শুক্রবার বিকালে গুলশানে মওদুদ আহমদের বাসায় আমানের কুলখানি হবে।
