মওদুদপুত্র আমানের দাফন ফরিদপুরে পল্লী কবির পাশে
ঢাকা ও নোয়াখালীতে জানাজা শেষে দাফনের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মমতাজ আহমদের মরদেহ ফরিদপুর নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে জেলা সদরের তাম্বুলখানা গ্রামে নানা পল্লী কবি জসিম উদদীনের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে আমানের মরদেহ নোয়াখালীর কোস্পানিগঞ্জে পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বসুরহাট মুজিব কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা হয়।
এরপর হেলিকপ্টারে মরদেহ আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। দুপুরে বাদ জোহর হাইকোর্ট হয়রত শাহ খাজা শরফ উদ্দিন চিশতী (রহ) মাজার শরীফ মসজিদে আমান মমতাজের দ্বিতীয় নামাজে জানাজা হয়। এতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ছাড়াও রাজনীতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশ নেন।
আমান মমতাজ আহমদ। (ফাইল ছবি)
বিএনপি নেতা আসম হান্নান শাহ, আবদুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আসাদুজ্জামান রিপন, সানাউল্লাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, আনহ আখতার হোসেন, লায়ন হারুন অর রশীদ, টিএম গিয়াস উদ্দিন, আহমেদ নজির, জাগপার শফিউল আলম প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, শামসুদ্দিন পারভেজ, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংক, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাপ ভাসানীল আজহারুল ইসলাম, বিজেপির আবদুল মতিন প্রভাষ ও ইসলামী আন্দোলনের নেতা এটিএম হেমায়েতউদ্দিনও উপস্থিত ছিলেন।
জানাজার পর লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ হেলিকপ্টারে নিতে বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়।
গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। মঙ্গলবার সঙ্কটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার সময় আমান মারা যান। তার বয়স হয়েছিল ৩৮ বছর। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কফিন ঢাকায় নিয়ে আসেন মওদুদ ও তার স্ত্রী হাসনা মওদুদ। রাতে কফিন ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।
শুক্রবার বিকালে গুলশানে মওদুদ আহমদের বাসভবনে আমানের কুলখানি হবে।
