ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলার আসামি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (১৬)।
ঘটনার পর জহুরুল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে বলে জানান ওসি।
বুধবার রাতে উপজেলার চণ্ডিপুর গ্রামে এ ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে মেয়েটির (১৬) মৃত্যু হয়।
মেয়েটির বাবা বলেন, “বুধবার রাতে আমি বাড়িতে ছিলাম। শুধু আমার দুই মেয়ে বাড়িতে ছিল।রাত সাড়ে ১২টার দিকে রুবেল বাড়ির দরজায় ধাক্কা-ধাক্কি করলে বড় মেয়ে দরজা খুলে দেয়। রুবেল তাকে বাড়ির কাছে তালতলা ব্রিজে নিয়ে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দিয়ে সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।
“এরপর সে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে মুখে বিষ ঢেলে দেওয়ার বিষয়টি জানালে প্রতিবেশীরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেয়ে মারা যায় বলে জানান তিনি।
ওসি জাহিদুল বলেন, ময়নাতদন্ত শেষে বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।
রুবেলের বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
