জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ অক্টোবর
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের নবম ও দশম সাক্ষ্য তাদের জবানবন্দি দিয়েছেন।
সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার নির্বাহী কর্মকর্তা আমির উদ্দিন এবং একই শাখার কর্মকর্তা পরিতোষ চন্দ্র দে। এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।
পরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী তারিখ রাখেন।
বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের এজলাসে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার এই শুনানি চলছে।
খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় তার পক্ষে করা সময়ের আবেদনও মঞ্জুর করেন বিচারক।
এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলাটি করে।
জিয়া দাতব্য ট্রাস্ট মামলাটি হয় ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায়। ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা করা হয়।
গত বছরের ১৯ মার্চ এ দুই দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এরপর ৭ মে এই দুটি মামলার বিচারের জন্য বকশীবাজারের বিশেষ এজলাসে পাঠানো হয়।
