রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্তদের নিয়োগে নির্দেশ
রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে (নব জাতীয়করণকৃত) শিক্ষক পদে পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলভুক্ত প্রার্থীদের ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার নিয়োগবঞ্চিতদের করা পৃথক ৩৬৭টি রিট আবেদনের প্রেক্ষিতে রুল নিষ্পত্তি করে এ রায় দেয়।
আবেদনকারীদের অন্যতম আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, তার করা ২৯টি রিটে তিন হাজার আবেদনকারী রয়েছেন। সব রিট মিলে আবেদনকারী প্রার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার হতে পারে বলে তার ধারণা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে উপজেলাভিত্তিক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে সিদ্ধান্ত পাল্টে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানায়।
বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষায় উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের নিয়োগ প্যানেল প্রকাশ করা হয়। এর মধ্য থেকে প্রথম দফায় প্রায় ৮ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়।
২০১৩ সালে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার পর নিয়োগপ্রক্রিয়া স্থগিত হয়ে গেলে প্যানেলভুক্ত সেলিম রেজাসহ নয়টি জেলার ৬২ প্রার্থী নিয়োগের নির্দেশনা চেয়ে একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের ৯ মার্চ আদালত রুল দেয়।
একই বিষয় নিয়ে পৃথক রিটের প্রেক্ষিতে ২০১২ সাল থেকে ২০১৫ সালের বিভিন্ন সময় ৩৬৭টি পৃথক রুল হয়। এসব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেয় আদালত।
রুল শুনানিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যপন্ত শূন্য পদের সংখ্যা ১৭ হাজার ৪৪৪টি। পাবর্ত্য তিন জেলা ছাড়া ৬১টি জেলায় এই সময় পর্যন্ত প্যানেল থেকে ১০ হাজার ৪৯৭ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সামাদ আজাদ ও মোহাম্মদ আবুল হাসনাত। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল আমাতুল করীম। সঙ্গে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল বিলকিস ফাতেমা।
আমাতুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত শর্তসাপেক্ষে নিয়োগের নির্দেশ দিয়ে ৩৬৭টি রিট আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন। তাদের নাম প্যানেলে আছে কি না তা পরীক্ষায় যদি দেখা যায় আছে, তাহলে মেধার ভিত্তিতে শূন্যপদে ৬০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন।
নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত নওগাঁর ১০ প্রার্থী ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ও নিয়োগের নিদের্শনা চেয়ে হাই কোর্টে রিট করলে গত বছরের ১৮ জুন এক রায়ে হাই কোর্ট প্যানেলভুক্ত ১০ প্রার্থীকে অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দেয়।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যার ওপর শুনানি শেষে ৭ মে আপিল বিভাগে তা খারিজ হয়।
এরপরও আদালতের নির্দেশনা অনুসৃত না হওয়ায় নওগাঁর ১০ প্রার্থীর পক্ষে শফিকুল ইসলাম জুয়েল আদালত অবমাননার অভিযোগে এনে বুধবার আদালতে আবেদন করেন।
এই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ সাত জনের প্রতি আদালত অবমাননার রুল দেয়।
রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না তা জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপরারেশন), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, নওগাঁ জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক ও মহাদেবপুর উপজেলা শিক্ষা অফিসারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এম এম নুরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগের আদেশের পরও আদালতের নির্দেশনা অনুসারে ১০ জনকে নিয়োগ না দেওয়ায় আদালত অবমাননার আবেদনটি করা হলে হাই কোর্ট রুল দেয়।
