আ স ম ফিরোজের সাংসদ পদে থাকা ‘বৈধ’
জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজের সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে গত বছর অক্টাবরে দেওয়া একটি রুল খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল হাই কোর্টে এই রিট আবেদন করেছিলেন। তার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এবিএম সিদ্দিকুর রহমান, কামরুল হক সিদ্দিকী ও এম মঈনুল ইসলাম।
ফিরোজের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও তানিয়া আমীর।
রায়ের পর এম মঈনুল ইসলাম বলেন, “আদালত রিট খারিজ করে দিয়েছেন। রায়ের কপি পেলে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তানিয়া আমীর বলেন, “উনার (ফিরোজ) পদে থাকার বৈধতা নিয়ে আবেদনটি করা হয়েছিল। আদালত তা খারিজ করেছে। ফলে উনি বৈধভাবেই পদে ছিলেন এবং থাকবেন।”
আ স ম ফিরোজ (ফাইল ছবি)
এতে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের চার দিন আগে ২৭ নভেম্বর ঋণ পুনঃতফসিল করেন আ স ম ফিরোজ। বাংলাদেশ ব্যাংক পরদিন তা অনুমোদন করে। ফলে গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (এম) ধারা অনুসারে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ‘যোগ্য নন’।
“গণপ্রতিনিধিত্ব আদেশে মনোনয়নপত্র দাখিলের অন্তত সাত দিন আগে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্যমতে ২৬ নভেম্বর পর্যন্ত তিনি খেলাপি ছিলেন।”
রিট আবেদনকারীর আইনজীবী এম মাঈনুল ইসলাম সে সময় বলেছিলেন, আইন অনুসারে কোনো ঋণ তিনবারের বেশি পুনঃতফসিল করা যায় না। অথচ ফিরোজের ওই ঋণ এ নিয়ে মোট আটবার পুনঃতফসিল করা হয়েছে।
“এই পুনতফসিলে সোনালী ব্যাংক ১৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬৪ টাকা মওকুফ করে। এখনো সেখানে তার ২০ কোটি ৪০লাখ ২৩ হাজার ২১৩ টাকা ঋণ রয়েছে।”
এ বিষয়ে প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গণির বেঞ্চ ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রুল জারি করে। আইনের ‘কোন কর্তৃত্ববলে’ আ স ম ফিরোজ সংসদ সদস্য পদে রয়েছেন- তা জানাতে চাওয়া হয় রুলে।
ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়।
রায়ের পর মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুদ মওকুফে শর্ত পূরণ হয়নি বলে আমরা রিট করেছিলাম। আদালত বলেছে, এটা শর্তের পরিণতি। এ কারণে আবেদন খারিজ করে দিয়েছে।”
এ নিয়ে পাঁচবার পটুয়াখালী-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়া আ স ম ফিরোজ রাজনীতিতে আছেন কলেজ জীবন থেকেই। তিনি প্রথমবার সংসদে আসেন ১৯৭৯ সালে, জিয়াউর রহমানের বিএনপি সরকার তখন ক্ষমতায়।
১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হলেও পরে আওয়ামী লীগে যোগ দেন ফিরোজ। পঞ্চম, সপ্তম ও নবম সংসদেও তিনি সদস্য নির্বাচিত হন।
