লঘুচাপ: বন্দরে ৩ নম্বর সঙ্কেত
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন স্থলভাগ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের সৃষ্টি হয়েছে।
সেপ্টেম্বর মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। সেই সঙ্গে বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।
