অভিজিৎ হত্যামামলায় ফারাবী আবার রিমান্ডে
মুক্তমনা ব্লগসাইটের পরিচালক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিষয়ে ব্লগার শফিউর রহমান ফারাবীকে আবার জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মুক্তমনার ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার কয়েকজন অভিজিৎ হত্যাকাণ্ডেও জড়িত ছিল বলে তদন্তে উঠে আসার পর আগে গ্রেপ্তার ফারাবীকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় ডিবি।
ডিবির পরিদর্শক ফজলুর রহমান সাত দিন হেফাজতের আবেদন নিয়ে বুধবার ফারাবীকে ঢাকার আদালতে নিয়ে যান। শুনানি শেষে হাকিম মারুফ হোসেন দুই দিন হেফাজতের নির্দেশ দেন।
গত ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর ২ মার্চ গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারাবীকে। তিনি প্রবাসী অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।
গ্রেপ্তারের পর গত ৩ মার্চ ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম পুলিশের আবেদনে ফারাবীকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।
এরপর ২০ মার্চ তাকে আরও চার দিন রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত। দুই দফা পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর থেকে ফারাবী কারাগারে রয়েছেন।
ফারাবীকে এর আগেও ২০১৩ সালে গণজাগরণ আন্দোলনের মধ্যে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার করা হয়েছিল।
নতুন করে জিজ্ঞাসাবাদের কারণ জানতে চাইলে আদালত পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহর সদস্যরা সবাই রিমান্ডে জিজ্ঞাসাবাদে ফারাবী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”
ফারাবীর পক্ষে বুধবারও কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শফিউর রহমান ফারাবী, গত মার্চে গ্রেপ্তারের পর
ফেইসবুকসহ অনলানে জঙ্গিবাদের প্রচারক ফারাবীর নাম অভিজিৎ নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে।
তিনি লিখেছিলেন, “অভিজিৎ রায় আমেরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।”
যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ বইমেলা উপলক্ষে দেশে ফেরার পর ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার কর্মস্থলে যাওয়ার পথে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশকে।
অভিজিৎ, অনন্তসহ অন্য ব্লগারদের হত্যাকাণ্ডে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যরা জড়িত বলে পুলিশের দাবি।
গত ১৭ অগাস্ট গ্রেপ্তার আনসারুল্লাহ সংশ্লিষ্ট তৌহিদুর রহমান, সাদেক আলী ও আমিনুল মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ বলে, এরা দুটি হত্যাকাণ্ডেই জড়িত।
