শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু
উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার দিয়ে পলি অপসারণের পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ২৭ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার বেলা ১১টায় শিমুলিয়া ঘাট থেকে ফেরি ‘কেমিলিয়া’ ও কাওড়াকান্দি থেকে ফেরি ‘ফরিদপুর’ যানবাহন নিয়ে গন্তব্যে যাত্রার মাধ্যমে আবার পারাপার শুরু হয়।
চারটি রো রো ফেরিসহ বহরের সব ফেরি যান পারাপার শুরু করেছে বলে জানান বিআইডাব্লিউটিসির এজিএম আশিকুজ্জামান জানান।
নাব্য সংকটে গত ১৯ অগাস্ট থেকে এ রুটে ফেরি পারাপার কার্যত বন্ধ ছিল। চারটি ছোট ফেরি দিয়ে চলেছে যান পারাপার।
পরে নৌ-রুট বন্ধ রেখে লৌহজং টার্নিংয়ে এ উচ্চ ক্ষমতার ড্রেজার দিয়ে পলি অপসারণের মাধ্যমে রুটটি সচল করা হয়েছে।
আশিকুজ্জামান বলেন, গত ১১ থেকে ১৫ সেপ্টেম্বর নৌ রুট বন্ধ রেখে ড্রেজিং করার পর এখন নাব্য সংকট সমাধান হয়েছে। ফলে বহরের সব ফেরি চলাচল করতে পারছে।
“এতে ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘব হবে।”
বিআইডাব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহাম্মেদ জানান, নৌ-রুট সচল হলেও নাব্য সংকট মোকাবেলায় ডেজিং অব্যাহত থাকবে।
