পিপিপি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিলে রাষ্ট্রপতির সম্মতি
সংসদের সপ্তম অধিবেশনে পাস হওয়া ‘সরকারি –বেসরকারি অংশীদারিত্ব বিল’ ও ‘পারমাণবিক বিদুৎকেন্দ্র’ বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।
বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অবকাঠামো নির্মাণসহ সেবা খাতে ব্যাপকভাবে বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে গত ৭ সেপ্টেম্বর পিপিবি বিল সংসদে পাস হয়।
সরকার বলছে, দেশের ‘অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করতে’এবং পিপিপিকে আইনি কাঠামো দিতেই এ আইন।
এ আইনের আওতায় একটি কর্তৃপক্ষ গঠিত হবে, যার একটি ‘বোর্ড অব গভর্নরস’ থাকবে এবং এর চেয়ারপারসন হবেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী এই বোর্ডের ভাইস চেয়ারপারসন হবেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদাধিকারবলে পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন।
আর পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠন করতে গত ৮ সেপ্টেম্বর সংসদে ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫’ পাস হয়।
এ আইন অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের হাতে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পাবে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ’।
২০১৩ সালের অক্টোবরে পাবনার রূপপুরে এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই ইউনিটে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের প্রথম ইউনিট ২০২১ সালের মধ্যে চালু করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।
এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ৪ হাজার কোটি টাকা প্রকল্প সহায়তা হিসাবে রাশিয়ান ফেডারেশন দেবে।
