ধর্ষণ মামলার আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের আসামিকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আনোয়ার (৩৫) ওই উপজেলার গাবতলা হাজিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
ধর্ষণের ঘটনার আট দিন পর মঙ্গলবার কচাকাটা থানায় রেকর্ডভুক্ত মামলায় থানা পুলিশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়।
তবে কচাকাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
শিশুর নানার করা মামলার এজাহারে বলা হয়, প্রায় ২ বছর ধরে ওই শিশুকে ঢাকায় গৃহকর্মী হিসাবে রাখে আনোয়ার। গত ৮ সেপ্টেম্বর রাতে শিশুটিকে নাগেশ্বরীতে নিয়ে আসে আনোয়ার। দুধকোমর নদী পেরিয়ে গ্রামে পৌঁছাতে ভোর হয়ে গেলে এক বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে আনোয়ার। এক পর্যায়ে শিশুটি সজ্ঞাহীন হয়ে পড়লে আনোয়ার তাকে শিশুটির নানার বাড়ির আঙ্গিনায় ফেলে পালিয়ে যায়।
ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বর আব্দুল করিম ও আতিকুল ইসলাম রাজাসহ কয়েকজন মাঠে নামে। আনোয়ারকে থানা হাজত থেকে ছাড়িয়ে আনে আব্দুল করিম মাতব্বর। পরে সালিশে ২৫ হাজার টাকা জরিমানা করে আনোয়ারকে পালিয়ে যেতে সাহায্য করা হয়।
ওসি মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা রেকর্ড করার পর মঙ্গলবার ধর্ষিতাকে কুড়িগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছেন।
আসামি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তাকে কৌশলে থানায় নিয়ে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করে।
“আমি ৬ হাজার টাকা দিলে ৩ ঘণ্টা পর ছেড়ে দেয়। সময়মতো সব টাকা দিতে না পারায় আমার নামে ধর্ষণ মামলা রেকর্ড করে পুলিশ।”
শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার নজরুল ইসলাম।
