বাল্য বিয়ের আয়োজন, কনের বাবাসহ ৪ জনের দণ্ড
নীলফামারীর কিশোরগঞ্জে বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কনের বাবা ও কাজিসহ চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের আদালত তাদের দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা দুলাল হোসেন (৪৫), বিবাহ রেজিস্ট্রার্ড নুরুল ইসলাম মুর্তুজা (৪০), বরের চাচা মহুবার রহমান মিয়া (৪৫) ও ফুপা মতিয়ার রহমান (৪০)।
কনের বাবা, বরের চাচা ও রেজিস্ট্রার্ডকে এক মাস এবং বরের ফুপাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, সোমবার রাতে উপজেলার উত্তর শিঙ্গেরগাড়ি গ্রামের দুলাল হোসেন তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) একই গ্রামের রাজ্জাকুল ইসলামের ছেলে আদিলুর ইসলাম আদিলের (২৫) সঙ্গে বিয়ের আয়োজন করে ।মেয়েটি ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে বাল্য বিয়ের কথাটি জানায়।
“পরে সিদ্দিকুর রহমান পুলিশ সঙ্গে নিয়ে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করার অনুরোধ করেন।এসময় মেয়ে ও ছেলে পক্ষের লোকজন তাদের উপর হামলা চালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।”
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, “সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করার বিধান থাকলেও শুধু বাল্য বিবাহ বন্ধ আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে।”
