সাভারে টেন্ডারের বিরোধে সাংসদের শ্যালক আটক
সাভারে গরুর হাটের দরপত্র জমা দেওয়া নিয়ে বিরোধে স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমানের শ্যালক আব্দুল আলীম সোহাগকে আটক করেছে পুলিশ।
তবে, সুনির্দিষ্ট কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেনি সাভার থানা পুলিশ।
সোমবার গভীর রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসা থেকে সোহাগকে আটক করা হয় বলে জানান সাভার মডেল থানার এসআই শাহীন মোল্লা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সাভার পৌরসভার গরুর হাটের দরপত্র জমা দেওয়ার দিন। গত বছরের এই গরুর হাটের ইজারাদার সোহাগ এবারও দরপত্র কিনেছেন।
“সংসদ সদস্য এনামুর রহমানের ভাই মনির হোসেনও দরপত্র কিনেছেন।”
এনিয়ে দুজনের বিরোধের প্রেক্ষিতে সোহাগকে আটক করা হয়েছে বলে জানান এসআই শাহীন।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামানের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সোহাগকে আটক করা হয়েছে।
তবে, সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগ এবং দরপত্র নিয়ে বিরোধের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওসি।
