বাংলাদেশ আর শান্তিরক্ষা এখন সমার্থক: অতুল খের
বিভিন্ন দেশে মোতায়েন বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজের প্রশংসা করেছেন জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ফিল্ড সাপোর্ট (ডিএফএস) এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের।
সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।
সাক্ষাতের সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান অতুল।
প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ আর শান্তিরক্ষা যেন এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে।
অতুল খের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি) -এর প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসাও করেন।
বিআইপিএসওটি–এ ‘বিজসেন উইথ ইউএন’ এবং ‘পারিটিসিপেশন অফ সিভিলিয়ন ইন পিস কিপিং মিশন’ শীর্ষক দুটি সম্মেলন অনুষ্টানের জন্য জাতিসংঘের দুটি প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘের এই কর্মকর্তা।
‘পারিটিসিপেশন অফ সিভিলিয়ন ইন পিস কিপিং মিশন’ শীর্ষক সম্মেলনটি মূলত শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান।
শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যদের কাজের প্রশংসা করে অতুল খের বলেন, বিভিন্ন দেশে তারা ইংরেজি শেখাচ্ছে এবং খাদ্য দিয়ে সাহায্য করছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের নির্ধারিত কাজের বাইরে অবকাঠামো নির্মাণ কাজেও অবদান রাখছেন।
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ এবং শান্তিরক্ষী বাহিনীতে কাজের জন্য নারী সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতের সময় সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
