২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মা ও ভাই।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সোমবার উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।

নিহত আজিজুল হক মার্কিন (৩০) ওই এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- টেকনাফ নাজিরপাড়ার জালাল আহমদ (৪০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২), মৃত মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩২) ও ছৈয়দ আলম (২৮)।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ছোট ভাই শাহাবুদ্দিন বলেন, একই এলাকার জালাল আহমদ পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সোমবার সকালে জালাল আহমদের লোকজন জমি দখল করতে আসলে বাধা দেওয়া হয়। এসময় হামলাকারীরা গুলি করলে দুই ভাই মার্কিন ও নুরুল হক গুলিবিদ্ধ হন।

“পরে হামলাকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলে মার্কিন মারা যায়।”

ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি করে ও কুপিয়ে আজিজুল হক মার্কিনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।