‘এইটা কি মগের মুল্লুক’
“যার যা ইচ্ছা হইতাছে, তাই করতাছে। সরকার ভ্যাট দিতাছে, ছাত্ররা রাস্তা আটকায় আমাগো ক্ষতি করতাছে। এইটা কি মগের মুল্লুক?”
রাজধানীর বিমানবন্দর সড়কের কাকলি মোড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবেরোধের মধ্যে যানজটে পড়ে অটোরিকশা চালক আবু বক্করের এই ক্ষোভ।
শিক্ষায় ভ্যাট আরোপের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সহানুভূতি থাকলেও যেভাবে তারা রাস্তা আটকে যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে,তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী অনেকেই।
রাজধানী ঢাকার অসংখ্য মানুষকে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের মত এ সপ্তাহের শুরুর দিন রোববারও দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।
গত বৃহস্পতিবারের মতই রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। কোথাও আবার পরিবহন সঙ্কট দেখা দেওয়ায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
সকাল সাড়ে ১০টার দিকে মেরুল বাড্ডা, উত্তরার আবদুল্লাহপুর এবং ধানমন্ডি ২৭ নম্বরে সড়কে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ শুরুর ঘণ্টাখানেক পর কাকলি মোড়ের দুই পাশে চারটি বাস আড়াআড়ি রেখে অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের অবস্থানের কারণে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায় থমকে দাঁড়ায় যানবাহন। বিকাল পর্যন্ত মহাখালী ফ্লাইওভার পেরিয়ে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইট পর্যন্ত সড়কে বিভিন্ন যানবাহনকে আটকে থাকতে দেখা যায়।
উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে শান্তা ইসলামকে গাজীপুর স্টেশন রোড থেকে সপ্তাহে ছয় দিন বাসে করে উত্তরার রাজলক্ষ্মী বাসট্যান্ডে নেমে অফিসে পৌঁছাতে হয়। প্রতিদিনের মতো রোববার সকালে গাজীপুর থেকে বাসে উঠলেও অবরোধের কারণে টঙ্গী ব্রিজের ওপর শান্তাসহ যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটি ঘুরে গাজীপুরের দিকে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শান্তা বলেন, “আমাকে তো কাজে যেতে হবে এবং আমি যাচ্ছি। বাসওয়ালা তো আমাকে টাকা ফেরত দেয়নি। এখন আমাকে ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে।
“ওরা রাস্তায় বসে আমাদের কষ্ট দিচ্ছে কেন? ওরা নিজেদের ইউনিভার্সিটিতে গিয়ে যা খুশি করুক”, ক্ষোভের সঙ্গে বলেন তিনি।
২০০ টাকা ভাড়ায় উত্তরা থেকে যাত্রী নিয়ে মহাখালী তিতুমীর কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে নৌবাহিনী সদরদপ্তরের সামনে যানজটে পড়েন অটোরিকশা চালক আবু বক্কর।
গরমে শার্টের বোতাম খুলতে খুলতে তিনি বলেন, “হাফ বেলা সাতশ টেকা জমা। আমারে তো ওরা টেকা দিব না। করুক না, ওগো কলেজের সামনে গিয়া করুক।”
অবরোধের কারণে টঙ্গীর দিক থেকে গাড়ি না আসায় দুপুরের পর উত্তরা থেকে বিমানবন্দর সড়ক ছিল অনেকটাই ফাঁকা। এ সময় কাউলা ও খিলক্ষেত বাসস্ট্যান্ডে শত শত মানুষকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বনানী রেলওয়ে স্টেশনের সামনে গাজীপুরগামী একটি বাস থেকে প্রায় জোর করেই যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়।
বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে কেন জানতে চাইলে ভাড়া আদায়কারী সুমন কাকলি মোড়ে বসে থাকা শিক্ষার্থীদের দেখিয়ে বিরক্ত কণ্ঠে বলেন, “আমার লগে কথা না কইয়া, হেগোরে গিয়া কন, তারা যেন রাস্তা ছাইড়া দেয়।”
কাকলি মোড় থেকে উত্তরার দিকে হাঁটছিলেন কাঠমিস্ত্রি আনোয়ার। আন্দোলনের ধরন নিয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেন।
অবরোধে আটকা পড়ে নিজের গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে বনানী ১১ নম্বর সড়কের এক ব্যাংকে চেক জমা দিতে রওনা হন খুশী জাহান।
হাঁটতে হাঁটতেই ওড়না দিয়ে মুখের ঘাম মুছে চল্লিশোর্ধ্ব এই নারী বলেন, “শোনেন ভাই, এভাবে করলে তো ওরা সহানুভূতি হারাবে। ওরা ওদের ইউনিভার্সিটির সামনে গিয়ে বসছে না কেন?”
