২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন থাকার কথা উল্লেখ করে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 04:34 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

রোববার ভ্যাটিকানের সফররত মন্ত্রী এবং পোপ ফ্রান্সিসের বিশেষ প্রতিনিধি ফার্নান্দো ফিলোনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সরকার বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের লোকজনের মধ্যে সংলাপ অনুষ্ঠানকে উৎসাহিত করে আসছে।”

ক্যাথলিক সম্প্রদায়ের লোকজন বাংলাদেশে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ক্যাথলিক সম্প্রদায়ের সম্পৃক্ততার কথাও বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে।  

শেখ হাসিনা ভ্যাটিকানের মন্ত্রীর মাধ্যমে পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ভ্যাটিকানের মন্ত্রী ফিলোনি বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকারও প্রশংসা করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি।