অপহরণের পর কলেজ ছাত্রকে হত্যা, গ্রেপ্তার ৬
মানিকগঞ্জ থেকে অপহরণের পর কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বাদশা মিয়া (৩২), আক্তার হোসেন জামাল (৩২), আজগর চৌধুরী (৩০), শুকুর আলী (৪৫), মনোয়ার হোসেন (৩০) ও লাল চান মিয়া (৩৫)।
নিহত মনির হোসেন (২০) মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের প্রবাসী পরশ আলীর ছেলে।
তিনি মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষে পড়তেন।
মানিকগঞ্জ থানার এসআই হাসেম আলী বলেন, “সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতিবেশী বাদশা মিয়া বৃহস্পতিবার মনিরকে বাড়ি থেকে সাথে করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”
এ ঘটনায় মনিরের মা মালেকা বেগম বৃহস্পতিবার একটি জিডি করেন।
এসআই হাসেম জানান, ওই জিডির সূত্র ধরে মোবাইল ফোনের কল ট্র্যাকিংয়ের মাধ্যমে বাদশার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার সন্ধ্যায় সাভারের আড়াপাড়া মহল্লায় অভিযান চালিয়ে বাদশাকে গ্রেপ্তার করে।
“বাদশার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে জামাল ও আজগর এবং হেমায়েতপুর থেকে শুকুর আলী, সাভার সিটি সেন্টারের সামনে থেকে মনোয়ার ও নামাবাজার ঘাট থেকে মাঝি লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।”
তবে এর আগেই অপহরণকারীরা মনিরকে হত্যা করে বলে জানান এসআই হাসেম আলী।
জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা পুলিশকে জানিয়েছে, সাভারের নামাবাজার ঘাট থেকে লাল চান মাঝির নৌকা ভাড়া করে তারা মনিরকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের শহীদ রফিক সেতুর কাছে নিয়ে যায়। সেখানে হত্যার পর গলায় কংক্রিট বেঁধে লাশ বংশী নদীতে ফেলে দেয়।”
তবে এখনও মনিরের লাশ খুঁজে পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
