২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় ক্রেইন উল্টে হতাহতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে শতাধিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 01:19 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার একথা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকালে মক্কায় মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে এখন পর্যন্ত ১০৭ জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই হজ পালনে গিয়েছিলেন।

নিহতের পাশাপাশি আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি বলে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী রিয়াদের দূতাবাস এবং হজ কাজে যুক্তদের নির্দেশ দিয়েছেন বলে তার প্রেসসচিব জানান।