২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল দশম সংসদের সপ্তম অধিবেশন

শেষ হলো দশম সংসদের সপ্তম অধিবেশন।  সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসা এই অধিবেশন শুরু হয়েছিল গত ১ সেপ্টেম্বর।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 12:54 AM

Updated : 22 Aug 2022, 01:12 PM

আট কার্যদিবসের এই অধিবেশনে বেশ কিছু খসড়া আইন উত্থাপন ও পাস হয়।

এবারের অধিবেশনের চমক ছিল হজ নিয়ে মন্তব্য করে দলীয় পদ ও মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগ।

অধিবেশন শুরুর দিনই সংসদে এসে বক্তৃতা দিয়ে সংসদের ফ্লোরেই পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান লতিফ সিদ্দিকী।

স্পিকারের অনুমতি নিয়ে বক্তৃতা দেন তিনি, যাতে হজ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরা হয়। শেষ পর্যায়ে সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে মোট ৬টি বিল পাস হয়। কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৩৬৫টি নোটিস পাওয়া যায়। যার মধ্যে ১২টি  গ্রহণ করা হয়।

৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৯০টি।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ৪১ টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ৩৬টির উত্তর দেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার মোট ২ হাজার ২৩টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৮৮৭টির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমাপনী বক্তব্যে বলেন, “আশা করি ৬০ দিনের আগেই আবার দেখা হবে। হয়ত এর আগেও বসতে পারি।”

বৃহস্পতিবার অধিবেশনের সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার করার আগে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “সংসদ যুক্তি-তর্কের নিজের এলাকার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সংসদ সদস্যরা সংসদে প্রাণবন্ত আলোচনা করবেন এটাই আশা করি।”

ডেপুটি স্পিকার সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।