২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী মহসিনের শারীরিক অবস্থার উন্নতি

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বেডে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

মন্ত্রীর ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীনের বরাত দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত মন্ত্রী মহসিনকে গত ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তখন থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থার উন্নতি হওয়ায় বুধবার লাইফ সাপোর্ট খুলে নিয়ে মন্ত্রীকে বেডে স্থানান্তর করা হয়েছে বলে তার ছোট মেয়ে সাবরিনা টেলিফোনে জানিয়েছেন।

মন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেক ভাল বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

মহসিন আলীর সঙ্গে ছোট মেয়ে ছাড়াও তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিন সিঙ্গাপুর রয়েছেন।

গত ৩ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৬৬ বছর বয়সী মহসিন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।

এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যায় দুই বেলা ইনসুলিন নিতে হয় তাকে।

পুরনো খবর:

এখনও নিবিড় পর্যবেক্ষণে মন্ত্রী মহসিন