এখনও নিবিড় পর্যবেক্ষণে মন্ত্রী মহসিন
সিঙ্গাপুরের চিকিৎসাধীন নিউমোনিয়ায় আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করার কথা থাকলেও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মন্ত্রীর বর্তমান অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন টেলিফোনে জানিয়েছেন।
মহসিন আলীর সঙ্গে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনও সিঙ্গাপুর গেছেন।
মন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন মহসিন আলী।
অবস্থার অবনতি হওয়ায় ৬৬ বছর বয়সী এই মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।
এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যায় দুই বেলা ইনসুলিন নিতে হয় তাকে।
