অসুস্থ সমাজকল্যাণমন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে
নিউমোনিয়ায় আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বিকালে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও এক মেয়ে সিঙ্গাপুরে গেছেন বলে জানান তিনি।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন মহসিন আলী। অবস্থার অবনতি হওয়ায় ৬৬ বছর বয়সী এই মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যায় দুই বেলা ইনসুলিন নিতে হয় তাকে।
