রাজধানীতে এক নারীকে ‘তুলে নিয়ে’ মুক্তিপণ দাবি
রাজধানীর মোহাম্মদপুরের এক নারীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
সোমবার থেকে নিখোঁজ লাকী (৫০) একজন সঙ্গীত শিল্পী বলে তার ভাই আরিফ জানিয়েছেন।
তিনি মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল ঢাকা উদ্যান থেকে কে বা কারা আমার বোনকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।”
পরে তার আরেক বোনকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানান তিনি।
মোহাম্মদপুর থানার ওসি জালাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।”
লাকীর এক বান্ধবীর বরাত দিয়ে আরিফ বলেন, সোমবার দুপুরে নিজের আদাবরের বাস থেকে পাশেই তার ওই বান্ধবীর বাসায় বেড়াতে যান লাকী। সেখানে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার সময় লাকীর মোবাইলে একটি ফোন আসে এবং তাকে ঢাকা উদ্যানে যেতে বলা হয়।
ঢাকা উদ্যানে যাওয়ার কথা বলে লাকী তার বান্ধবীর বাসা থেকে বের হয়ে যান জানিয়ে আরিফ বলেন, “এর কিছুক্ষণ পরেই লাকী তার বান্ধবীকে ফোন করে জানায়, কে বা কারা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছে।”
এই কথাটি বলার অল্প সময় পরেই লাকীর মোবাইল বন্ধ হয়ে যায় বলে তার ওই বান্ধবীর বরাত দিয়ে জানান আরিফ।
এর পরপরই লাকীর বোন ফাতেমার কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানান তিনি।
ফাতেমা মোহ্ম্মদপুরের বছিলায় থাকেন জানিয়ে আরিফ বলেন, “তারা ফাতেমাকে বলে, ‘মুক্তিপণ দিলেই লাকীকে ছেড়ে দেওয়া হবে, না হলে তার ক্ষতি হবে।”
