ভাইকে দেখতে এসে কারাফটকে হামলার শিকার
হবিগঞ্জ কারাগারে ভাইকে দেখতে এসে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন।
আহত ছুরত আলী (২৮) বাহুবল উপজেলার ভাবনাকান্দি গ্রামের মনসুর আলীর ছেলে। তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার এসআই এ কে এম রাসেল জানান, মঙ্গলবার দুপুরে জেলা কারাফটকের সামনে হামলা ও মারধরের এ ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে।
এরা হলেন- বাহুবল উপজেলার ভাবনাকান্দি গ্রামের সামছুল হক, এনামুল হক, আলফু মিয়া, কবির মিয়া ও রফিক মিয়া।
এসআই রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুরতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সামছুলের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।
সকালে ছুরত তার ভাই আটক জহুর আলীর সঙ্গে দেখা করতে কারাগারে আসবে খবর পেয়ে লোকজনসহ সামছুল আগে থেকেই ফটক এলাকায় অবস্থান নেয়।
ছুরত ভাইয়ের সঙ্গে দেখা করে কারাগার থেকে বের হলে ফটকের সামনের এলাকায় সামছুলের লোকজন তার উপর হামলা চালায়।
এসআই আরও বলেন, এ সময় স্থানীয়রা আহত অবস্থায় ছুরতকে উদ্ধার করে হামলাকারী পাঁচজনকে আটক করে।
