২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কওমীর ইতিহাস বিকৃতি, ব্যবস্থা চান বাপ্পি

কওমী মাদ্রাসার পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

বুধবার জাতীয় সংসদে ৭১ বিধিতে একটি নোটিসের উপর আলোচনায় তিনি এই দাবি জানান।

বাপ্পি বলেন, “অত্যন্ত শোকের সাথে বলছি, কওমী মাদ্রাসা বোর্ডের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। কওমি মাদ্রাসা বোর্ডের পঞ্চম শ্রেণির ইতিহাস বইয়ে ‘বাংলাদেশের জন্ম’ প্রবন্ধে স্বাধীনতা দিবসের কোন তথ্য নেই।

“ওই প্রবন্ধে লেখা হয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। দেশবাসী দিশেহারা হয়ে পড়ে, তখন নাকি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করে।

“আমার প্রশ্ন, এসব বিকৃত ইতিহাস কারা লিখছে, আর কারা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করছে? এটাতো আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নয়।”

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে কওমী মাদ্রাসার পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতির বিষয়টি তুলে ধরা হয়। 

ওই প্রতিবেদনে কওমী মাদ্রাসার পাঠ্যপুস্তক প্রণয়নকারী বোর্ড জানায়, তারা জেনেশুনেই তাদের পাঠ্যপুস্তকে ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছে; কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘোষক মানতে তাদের আপত্তি রয়েছে।

সংসদকে বাপ্পি বলেন, “প্রকৃত ইতিহাস হচ্ছে, ২৫ মার্চ মধ্যরাত শেষে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এটি আমাদের সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত।”

কওমীর ওই প্রবন্ধে বঙ্গবন্ধুর নামের পূর্বে বঙ্গবন্ধু বা জাতির পিতা বলা হয়নি বলেও জানান তিনি।

“শিক্ষার্থীদের আমরা বিকৃত ইতিহাস শিক্ষা দিতে পারি না। এটি আমাদের অস্তিত্ব ও চেতনার অংশ। সুতরাং অবিলম্বে কওমী মাদ্রাসার সিলেবাসে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রোধ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ পূর্বক প্রকৃত ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে আমি শিক্ষামন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি।”

২০০৯ সালের ২১ জুন হাই কোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে রায় দেয়। ওই রায়ে ইতিহাস বিকৃতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে।

বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসেবে অনুযায়ী, তাদের আওতাধীন পাঁচ হাজার দুটি মাদ্রাসায় ২০ লাখ শিক্ষার্থী রয়েছে।

পুরনো খবর:

কওমীর ইতিহাসে বঙ্গবন্ধু নেই