২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ টাকা সরকারি মুদ্রা করতে সংসদে বিল

১ ও ২ টাকার মুদ্রার সঙ্গে ৫ টাকার মুদ্রা প্রচলনের দায়িত্ব সরকারের হাতে দিতে সংসদে আইন সংশোধনের প্রস্তাব উঠেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

মঙ্গলবার ১৯৭২ সালের বাংলাদেশ কয়েনেজ অর্ডার সংশোধনের প্রস্তাব করে ‘বাংলাদেশ কয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বর্তমানে শুধু ১ ও ২ টাকার মুদ্রা সরকার বের করে। ৫ টাকা থেকে শুরু করে উপরের সব নোট বের করে কেন্দ্রীয় ব্যাংক। ৫ টাকার ধাতব মুদ্রা ও কাগজে নোট উভয়ই রয়েছে বাজারে।

বিলটি সংসদের অনুমোদনের মাধ্যমে জারি হলে ১ ও ২ টাকার পাশাপাশি ৫ টাকার নোটও সরকারি মুদ্রায় রূপান্তরিত হবে।

গত অগাস্ট মাসে প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভার অনুমোদন পায়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “১৯৭২ সনের দ্যা বাংলাদেশ কয়েনেজ অর্ডার দীর্ঘ ১৭ বছর পর ১৯৮৯ সনে সংশোধনপূর্বক ২ টাকার মুদ্রাকে সরকারি মুদ্রা করা হয়। এর পূর্বে সর্বোচ্চ এক টাকার মুদ্রা সরকারি মুদ্রা হিসেবে প্রচলিত হয়। ইতোমধ্যে প্রায় ২৬ বছর অতিবাহিত হয়েছে। ২ টাকার ক্রয় ক্ষমতাও আগের চাইতে অনেক হ্রাস পেয়েছে বিধায় বর্তমানে উক্ত আইনের অধিকতর সংশোধনের মাধ্যমে ৫ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে।

“এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের মোট অর্থের যোগান অপরিবর্তিত (সরকারের নোট/কয়েন যতটা বাড়বে বাংলাদেশ ব্যাংকের নোট/কয়েন ততটা কমবে) থাকবে বিধায় এর মূল্যস্ফীতিজনিত প্রভাব হবে না।”

অর্থমন্ত্রী আরও বলেন, ১৯৭৪-৭৫ সালে বাজারে প্রচলিত মোট অর্থের মধ্যে সরকারি মুদ্রার পরিমাণ ছিল ১০ দশমিক ৭০ শতাংশ, যা ২০১৩-১৪ অর্থবছর শেষে শূন্য দশকি ৯০ শতাংশে নেমে এসেছে।

“৫ টাকা মূল্যমানের নোট ও কয়েনগুলো সরকারি মুদ্রায় রূপান্তর করা হলে সরকারি মুদ্রার পরিমাণ বাজারে প্রচলিত মোট মুদ্রার এক দশমিক ৫০ শতাংশে উন্নীত হবে।”