জামায়াতের ১৩ নেতা-কর্মী তিন দিনের রিমান্ডে
জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের দুই নেতাসহ ১৩ জনকে বিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির মঙ্গলবার এই আদেশ দেন।
জামায়াতের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান।
তার রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার পল্লবীর একটি বাসা থেকে আসামিদের গ্রেপ্তারের সময় তাদের কাছে বিস্ফোরক পাওয়া যায়। তারা কোরবানির ঈদের আগে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা কষতে বৈঠক করছিলেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য পাওয়া যাবে।
অন্যদিকে বিরোধিতা করে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আব্দুর রাজ্জাক, এসএম কামাল উদ্দিনসহ কয়েকজন আইনজীবী।
তারা বলেন, বিস্ফোরক পাওয়ার অভিযোগ ‘সঠিক নয়’। নাশকতা বা অস্থিরতা সৃষ্টির কোনো উদ্দেশ্যও তাদের ‘ছিল না’।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার বাকি আসামিরা হলেন- জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হারুনুর রশীদ (৭৩), কাফরুল থানা জামায়াতের সভাপতি মো. তসলিম (৫০), জাহাঙ্গীর আলম (২৬), আবুল কালাম আজাদ (৭১), মো. মনসুর রহমান (৭১), জাকির হোসাইন (৫৯), এবিএম নুরুল্লাহ ওরফে মোহাম্মদউল্লাহ (৫৯), আবুল হাশেম (৫০), মো. সাব্বির (২২), মজিবর রহমান ভূইয়া (৪০) ও আশরাফুল আলম ইকবাল (২৭)।
সোমবার দুপুরে ঢাকার পল্লবীতে হারুনুর রশীদের বাড়ি থেকে সবাইকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এই ১৩ জনকে আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পল্লবী থানায় দুটি মামলা করে পুলিশ।
গোলাম পরওয়ারের বিরুদ্ধে বর্তমানে ১২টি, মজিবুর রহমানের বিরুদ্ধে ৪৫টি ও তসলিমের বিরুদ্ধে ৯টি নাশকতার মামলা রয়েছে।
খুলনার সাবেক সংসদ সদস্য পরওয়ার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। রাজশাহীর সাবেক সংসদ সদস্য মজিবুর দলটির নায়েবে আমিরের দায়িত্ব আছেন।
তাদের দুজনের বিরুদ্ধেই নাশকতার অভিযোগে বেশ কয়েকটি করে মামলা রয়েছে। এর মধ্যে ২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিল সিটি সেন্টারের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় আদালতে তাদের বিচারও চলছে।
জামায়াতের অধিকাংশ শীর্ষ নেতা যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মজিবুর ও পরওয়ারসহ কয়েকজনই সাম্প্রতিক সময়ে দল চালিয়ে আসছিলেন বলে গণমাধ্যমের খবর।
