নওগাঁর যান চলাচল নির্বিঘ্ন করার দাবি
নওগাঁ থেকে দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করা ও বগুড়ায় চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন জেলার পরিবহন মালিক ও শ্রমিকরা।
নওগাঁ জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের এ দাবিগুলো পূরণের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।
ওই সময়ের মধ্যে দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট যাওয়ার হুমকি দেন তারা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সোমবার সন্ধ্যায় আলোচনা সভা শেষে পরিষদের আহবায়ক ওমর ফারুক এই ঘোষণা দেন।
জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ওমর ফারুক বলেন, সোমবার রাত ১২টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ওই সময়ের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।
আলোচনা সভায় বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, বগুড়ার পরিবহন সংশ্লিষ্টরা নওগাঁর পরিবহন মালিক শ্রমিকদের জিন্মি করে রেখেছেন।
নওগাঁ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী দূরপাল্লার মোটরযানে বগুড়া বাইপাস সড়কে চাঁদাবাজি ও হয়রানি করা হচ্ছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত এক মাস ধরে নওগাঁর দূরপাল্লার মোটরযান যাতায়াত করতে দিচ্ছে না তারা।
বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
