সাখাওয়াতসহ ৯ জনের অভিযোগ আমলে, তিনজনকে অব্যাহতি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির নেতা সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিপক্ষে এ সময় আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সাত্তার পাহলোয়ান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।
অব্যাহতি পাওয়া তিন আসামির মধ্যে মো. আকরাম হোসেন ও অজিহার মোড়ল কারাগারে রয়েছেন। এছাড়া মশিউর রহমান পলাতক।
সাখাওয়াত ছাড়া যে আটজনের বিরুদ্ধে আদালত যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়েছেন, তারা হলেন- মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, মো. লুৎফর মোড়ল এবং মো. আব্দুল খালেক।
এই নয় আসামির মধ্যে কেবল সাখাওয়াত ও বিল্লাল কারাগারে রয়েছেন।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, “আদালত আগামী ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করতে বলেছে।”
‘অভিযোগের উপাদান’ না পাওয়ায় তিনজনকে আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছে বলে এই প্রসিকিউটর জানান।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি এই ১২ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত দল। গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এরপর ২৬ জুন অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হয়।
বর্তমানে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা।
১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন।
মাওলানা সাখাওয়াত নামে বেশি পরিচিত এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলডিপি ও পিডিপিতেও ঘুরে এসেছেন। গত সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন।
পাঁচ অভিযোগ
অভিযোগ ১: যশোরের কেশবপুর উপজেলার বোগা গ্রামে এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন এবং ধর্ষণ।
অভিযোগ ২: একই উপজেলার চিংড়া গ্রামের চাঁদতুল্য গাজী ও তার ছেলে আতিয়ারকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা।
অভিযোগ ৩: কেশবপুরের চিংড়া গ্রামের মো. নুরুদ্দিন মোড়লকে অপহরণ, আটক, নির্যাতন।
অভিযোগ ৪: কেশবপুরের হিজলডাঙার আ. মালেক সরদারকে অপহরণ, আটক, নির্যাতন ও খুন।
অভিযোগ ৫: কেশবপুরের মহাদেবপুর গ্রামের মিরন শেখকে অপহরণ, আটক, নির্যাতন এবং ওই গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠন।
