চেতনানাশকসহ ১৯ ‘প্রতারক’ আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টি’ হিসেবে পরিচিত প্রতারক চক্রের ১৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ও হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।”
এই ১৯ জনের মধ্যে মো. আবদুর রাজ্জাক, মো. পলাশ, মো. আবদুল মান্নান, মো. শাহিন, মো. ফারুক চৌধুরী ওরফে মাসুম ও সোহেলকে গ্রেপ্তার করা হয় পল্টন এলাকায় অভিযান চালিয়ে।
পরে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে মো. আবদুর রহমান শেখ, মো. জাকির হোসেন, মো. মানিক হোসেন, মো. ওমর ফারুক, মো. ইসমাইল হোসেন, মো. জয়নাল আবেদীন ওরফে বাবুল খন্দকার এবং মগবাজার চৌরাস্তা থেকে মো. আব্বাস আলী, মো. শহর আলী, মো. আব্দুল মতিন ওরফে মতি, মো. সুলতান শেখ, মো. আবদুল খালেক, মাহিনুর এবং রাশিদুল ইসলাম ওরফে রিপনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশেরে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এই চক্রের সদস্যরা কখনো হারবাল ওষুধ বিক্রেতার বেশ ধরে, আবার কখনো যাত্রী বেশে টঙ্গী-গাজীপুর, গাবতলী-সাভার, আশুলিয়া, চান্দুরা, মানিকগঞ্জ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রোড এবং নারায়ণগঞ্জ রুটের যাত্রীদের চেতনানাশক দিয়ে সংজ্ঞাহীন করে সর্বস্ব ছিনিয়ে নিত।
“এ চক্রের আরও ২০/২২ জন সদস্য রয়েছে। তাদের এবং আন্তঃজেলা অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে,” বলেন মনিরুল।
ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ভাষায় এরা ‘অজ্ঞান পার্টি’ হিসাবে পরিচিত।
এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকেরই মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।
গত মাসের শেষ দিকে এরকম দুটি চক্রের ১২ সদস্য গোয়েন্দাদের হাতে ধরা পড়েন। এর মধ্যে একটি চক্রের সদস্যরা ঢাকা ও আশপাশের জেলায় বাসযাত্রীদের চেতনানাশক মেশানো আচার বা খাবার খাইয়ে সর্বস্ব লুটে নিত। আর অন্য চক্রের কয়েকজন সদস্য প্রতিবছর হজের সময় সৌদি আরবে লোক পাঠাত পকেট মারার জন্য।
অন্যদের মধ্যে মহানগর পুলিশের উপ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, মাহবুব আলম, শেখ নাজমুল আলম ও মাশরুকুর রহমান খালেদ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
