ইন্টারনেট উৎসবে উপচে পড়া ভিড়
প্রয়োজনীয় নানা অ্যাপ উন্মোচন আর ইন্টারনেটের বিভিন্ন দিক বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে তৃতীয় দিন পার করল ইন্টারনেট বিষয়ে সচেতনতা তৈরির উৎসব।
সাড়া দেশে সপ্তাহব্যাপী অনুষ্ঠান চললেও রাজধানীর বনানী মাঠে মেলা শেষ হয়েছে সোমবার।
আর তাই দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত অন্যান্য আয়োজনের পাশাপাশি এ মাঠে চলেছে মেলা ভাঙার আয়োজন- কনসার্ট। সন্ধ্যায় প্রদর্শনী প্রাঙ্গণে সেই উত্তাপটাই পাওয়া গেল, ছিল উপচে পড়া ভিড়।
দুপুর থেকে প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের দেখে বোঝা গেল এই মেলা তরুণদেরই আগ্রহে পরিণত হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবস্তী দত্ত বন্ধুদের নিয়ে ঘুরে ঘুরে দেখছিলেন প্রদর্শনীর বিভিন্ন আয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখানে বিভিন্ন ধরনের ইন্টারনেট ভিত্তিক সেবা সম্পর্কে জানা যাচ্ছে। পাশাপাশি বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্যও অনেকে আসছেন।”
এই প্রতিষ্ঠানের স্টলে দেখা গেল দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ড্রোন।
“আমরা মূলত গৃহস্থালি কাজের উপযোগী বিভিন্ন প্রযুক্তি পণ্য নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছে স্মার্ট মিটার, ওয়াটার লেভেল কন্ট্রোলার এবং টাস্ক অটো,” বললেন লুৎফুল্লাহ আনসারি।
মেলায় নিরাপত্তা পণ্যের স্টলও চোখে পড়লো বেশ কয়েকটি। এদেরই একটি সিসি কনসার্ন।
ওই স্টলে থাকা শাহিদা আক্তার সুমী জানালেন, ঘর, অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য কয়েক ধরনের সিসিটিভি প্রস্তুত করছে তাদের প্রতিষ্ঠান।
“এগুলোতে নির্দিষ্ট ধরনের অ্যালার্ম সিস্টেম রয়েছে, যেটি নিয়ে মোবাইল ফোন ব্যবহার করে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়।”
দেশে ইন্টারনেটের প্রসার এবং ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবা সম্প্রসারণে গত ৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে চলছে এই ইন্টারনেট সপ্তাহ।
শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা ৫৭টি প্রতিষ্ঠান বানানীর এক্সপোতে অংশ নিয়েছে।
এদিকে দেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে ইন্টারনেট সপ্তাহে অর্ধশত সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে বেসিস।
এসব সেমিনার ও কর্মশালায় বিগ ডাটা, তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিংসহ নানা বিষয়ে আলোচক হিসেবে থাকছেন গুগলসহ দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তিতে সফল ব্যক্তিত্ব, উদ্যোক্তা, শিক্ষাবিদসহ অনেকে।
এ বিষয়ে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “সরকারের পরিকল্পনা হিসেবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই।”
“আমাদের দেশের তরুণরাই এর মূল ধারক। এই তরুণদের হাত ধরে আমাদের প্রযুক্তি বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে। এ লক্ষ্যেই এসব কর্মশালা ও সেমিনার আয়োজন করা হচ্ছে।”
