বেনাপোলে কোকেনসহ যুবক আটক
যশোরের বেনাপোলে ইয়াবা ও কোকেনসহ এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৬ এর কোম্পানি কামান্ডার স্কোয়াড্রন লিডার কওছার হোসেন।
আটক শাহাজালাল ওই গ্রামের সামসুজ্জোহার ছেলে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা কওছার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে শাহাজালালের বাড়িতে অভিযান চালায় র্যাবের টহল দল। এ সময় শাহজালাল পালানোর চেষ্টা করলে র্যাব তাকে ধরে ফেলে।
“পরে তার কাছে এক হাজার ১৫০ টি ইয়াবা ও ১৫৫ গ্রাম কোকেন পাওয়া যায়।”
তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ র্যাব কর্মকর্তা জানান।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
