২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য ছাড়া পশুর ট্রাক থামাবে না পুলিশ: আইজিপি

ঈদের সময় সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া কাগজপত্র দেখার নামে কোরবানির পশুবাহী ট্রাক না থামানোর নির্দেশনা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:05 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

কোরবানির ঈদের আগে পথে পথে পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীদের চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

ঈদে মহাসড়কে যানজট ও নিরাপত্তার বিস্তারিত তুলে ধরে এই সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক।

তিনি বলেন, “কোববানির পশুবাহী ট্রাক সুনির্দিষ্ট তথ্য ছাড়া আটকাতে নিষেধ করা হয়েছে। শুধু কাগজপত্র দেখার নাম করে ট্রাক আটকানো যাবে না।”

পুলিশের অনৈতিক আচরণ দেখার জন্য সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান পুলিশ প্রধান।

পশুবাহী ট্রাকের নামে অবৈধ মালামাল ঢাকায় আনার চেষ্টা করলে কী হবে- জানতে চাইলে তিনি বলেন, “পুলিশের কাছে যদি তথ্য থাকে যে ওই পশুবাহী ট্রাকে ফেন্সিডিল রয়েছে, সেই ট্রাক তো আটকাতে নিষেধ করা হয়নি।”

পশুর চামড়া যাতে পাচার না হয় সেজন্য ঈদের পর ঢাকায় শুধু চামড়াবাহী ট্রাক ঢুকবে, ঢাকা থেকে বের হতে পারবে না, বলেন পুলিশ প্রধান।

ঈদের সময় অজ্ঞান পার্টির দৌরাত্ম্য কমাতে পুলিশের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “ইতোমধ্যে পুলিশ সারাদেশে প্রচারণা চালিয়েছে। অজ্ঞান পার্টির শতাধিক সদস্য ধরাও পড়েছে। তবে জনগণের সচেতনতা ছাড়া শুধু পুলিশিং দিয়ে অজ্ঞান পার্টি, মলম পার্টি দমন সম্ভব নয়।”

ঈদে মহাসড়কে যানজট নিরসনে ১৪টি ওয়াচ টাওয়ার থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান, প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি এই ডেস্কের দায়িত্ব পালন করবেন।

প্রবাসীদের সব ধরনের সুবিধা অসুবিধা হেল্প ডেস্কের ০১৭৬৯৬৯০০১৯ নম্বরে ফোন করে জানাতে

অনুরোধ করেন তিনি।

এছাড়া expatriatehelp@police.gov.bd ঠিকানায় মেইল করেও প্রবাসীরা বিভিন্ন তথ্য জানতে পারবেন।