বিদ্যুতের তারে জড়িয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ ২
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হওয়ার পর চলন্ত নৌকা থেকে পড়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন, আহত হন আরও দুজন।
সোমবার দুপুরে উপজেলার আদাঐর বিলে নিখোঁজ দুজন হলেন আদাঐর গ্রামের তাহের মিয়ার ছেলে টিটু মিয়া (২৫) ও বগি মিয়ার ছেলে সেলিম মিয়া (৩০)।
আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ফাইজুল ইসলামকে ঢাকা ও তার বাবা সুজন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, বেলা সাড়ে ১১টায় গাছবোঝাই একটি নৌকা আদাঐর গ্রাম থেকে মাধবপুর সদরে যাচ্ছিল। পথে আদাঐর বিলে নৌকায় থাকা ৩৩ কেভি লাইনের সঙ্গে স্পৃষ্ট হন টিটু মিয়া। এরপর টিটু ও সেলিম পানিতে পড়ে যান।
“এদিকে নৌকার মাঝি সুজন মিয়া ও তার ছেলে ফাইজুল ইসলাম ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। পরে নৌকায় থাকা দুই ব্যক্তি আহতদের নিয়ে আদাঐর এলাকায় ফেরেন।”
ওসি আরও জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ফাইজুলকে ঢাকা ও সুজন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলেও তাদের সঙ্গে ডুবুরি না থাকায় উদ্ধার কাজ পরিচালনা করতে পারেনি। পরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
