২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হোটেলে খেয়ে অসুস্থ গরু ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া ৩০ জনের মধ্যে এক গরু ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 12:06 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জর্জ মিয়া (৫৫) নামের ওই ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. হাসান তারিখ জানিয়েছেন।

অসুস্থ অন্যদের সঙ্গে তাকে রোববার বিভাগের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় রাতেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল।

সেখানে সকালে তিনি মারা যান বলে হাসপাতালের পরিচালক এএফএম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

“অসুস্থ বাকি ২৯ জনের চিকিৎসা চলছে, তারা সবাই ভাল আছেন,” বলেন রফিকুল।

জর্জের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার খোলশাখালী গ্রামে বলে জানিয়েছেন তার ব্যবসায়িক অংশিদার হারিফ মিয়া।

খাবার খেয়ে অসুস্থ হওয়ার পর জর্জ মিয়ার কাছে থাকা চার লাখ টাকা খোয়া গেছে বলে জানান হারিফ।

রোববার নগরীর সিটি হাট এলাকায় ‘জাফর হোটেলে’ সকালে নাস্তা খাওয়ার পর ছয় গরু ব্যবসায়ীসহ কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়।

খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হন বলে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মাহামুদুর রহমান খান বাদশা জানিয়েছেন।

এ ঘটনায় হোটেলের মালিকসহ পাঁচজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুরনো খবর:

রাজশাহীতে হোটেলে খেয়ে অসুস্থ ৩০