রাজউকের নির্মাণ ও ভূমি ব্যবহারের ছাড়পত্র সেবা আসছে অনলাইনে
নির্মাণ অনুমোদন এবং ভূমি ব্যবহার ছাড়পত্র প্রক্রিয়া অনলাইন সেবার আওতায় আসছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
প্রাথমিকভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ধানমন্ডি ও লালবাগ এলাকায় নাগরিকদের জন্য এই সেবা চালু হবে।
পর্যায়ক্রমে রাজউকের সব অঞ্চলই এই সেবার আওতায় আসবে বলে রোববার রাজউক মিলনায়তনে এক অনুষ্ঠানে জানান মন্ত্রী।
রাজউকের অটোমেশন কার্যক্রম সম্প্রসারণে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই কর্মসূচি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের যৌথ উদ্যেগে অনলাইন সেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, “রাজউক বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সহায়তায় নির্মাণ অনুমোদন প্রক্রিয়া এবং ভূমি ব্যবহার ছাড়পত্র প্রক্রিয়া অনলাইনে দেওয়ার উদ্যোগ নিয়েছে।”
নির্মাণ অনুমোদন এবং ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক হয়ে গেলে এখাতে দুর্নীতি, দীর্ঘসূত্রতা এবং ভোগান্তি কমে যাবে বলে আশা করছেন তিনি।
“আবেদনকারীরা মোবাইল ফোনে এসএমএস করে মাধ্যমে জানতে পারবেন, তার ফাইলটি কোথায় কোন দপ্তরে রয়েছে এবং নিস্পত্তি হতে আর কতদিন লাগবে।”
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজউকের নতুন প্রকল্প নেওয়ার জন্য কোনো খালি জায়গা নেই, যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ দ্রুত শেষ হবে।
“বর্তমান সরকারের চলতি মেয়াদের মধ্যেই পূর্বাচল প্রকল্পে কর্মচাঞ্চল্য আসবে এবং এটি স্মার্ট সিটি হিসেবে তৈরি করা হবে।”
তিনি জানান, পূর্বাচলে ২৬ হাজার প্লট ছাড়াও কয়েকটি বহুতল ভবন হবে। ৩২ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ৬০ হাজার ফ্ল্যাট তৈরি করা হবে।
“হিসাব করে দেখেছি, এই ফ্ল্যাট বিক্রিতে শেয়ার বেসিসে যাব, এখান থেকে রাজউক বিনা ইনভেস্টে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা পাবে,” বলেন মোশাররফ।
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অ্যাপার্টমেন্ট ২০১৬ সালের ডিসেম্বর থেকে হস্তান্তর শুরু হবে বলেও জানান তিনি।
