নিরীক্ষায় স্বচ্ছতা আনতে বিল পাস
কর্পোরেট, পাবলিক, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যাংক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠান এবং জাতীয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন প্রণয়ন, হিসাবরক্ষণ এবং নিরীক্ষা কাজে যুক্ত সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদে বিল পাস হয়েছে।
গত জানুযারিতে বিলটি সংসদে তোলেন অর্থমন্ত্রী। তখন এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ৭ জুলাই বিলটি পাসের জন্য সংসদে আনা হলেও তা আবার পরীক্ষা করতে কমিটিতে ফেরত পাঠানো হয়।
ফাইনান্সিয়াল রিপোর্টিং কার্যক্রমকে সুনিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে একটি কাউন্সিল গঠনের জন্য বিলটি পাস করা হয়েছে।
এই কাউন্সিলের চেয়ারম্যান সরকার নিয়োগ করবে। চেয়ারম্যান নিয়োগে সরকারকে সুপারিশ দিতে বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সভাপতিত্বে তিন সদস্যের একটি বাছাই কমিটির বিধান রাখা হয়েছে। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মনোনীত একজন সদস্য এবং অর্থ বিভাগের সচিব এই কমিটির সদস্য হবেন।
বিলে বলা হয়েছে, কোনো নিরীক্ষক বা নিরীক্ষা ফার্ম কাউন্সিলের কাছে তালিকাভুক্তি ছাড়া কোন সংস্থার নিরীক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবে না।
যদি কোনো ব্যক্তি এই আইনে উল্লেখ করা শর্ত ভঙ্গ করে বা অসাধু পন্থায় নিরীক্ষক হিসবে নিয়োগ পান, তবে তার ৫ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা অর্থদণ্ড হবে।
পেশাদারে একাউন্টেন্ট এর সংজ্ঞায় বলা হয়েছে, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশের সদস্যদের বোঝানো হয়েছে।
বিলে একটি আপিল কর্তৃপক্ষ গঠনেরও বিধান রাখা হয়েছে।
পাস হওয়া বিলে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউনটেন্টস’ অর্ডার ১৯৭৩, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১, কোম্পানি আইন-১৯৯৪ এবং বীমা আইন-২০১০ এর কিছু বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বিলে বলা হয়েছে, কাউন্সিল ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ড এর সাথে সঙ্গতি রেখে ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এবং ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডস এবং নিশ্চয়তা ও নৈতিকতার ঘোষণার সাথে সঙ্গতি রেখে অডিটিং স্ট্যান্ডার্ডস প্রণয়ন ও জারি করবে।
বন্দর আইন সংশোধনের প্রস্তাব
নৌ বন্দরগুলোকে সচল রাখতে প্রয়োজনীয় স্থাপনা তৈরির বিধান রেখে ১৯০৮ সালের বন্দর আইন সংশোধনের প্রস্তাব এসেছে সংসদে।
রোববার জাতীয় সংসদে এ লক্ষ্যে ‘পোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন নৌমন্ত্রী শাজাহান খান। পরে বিলটি পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা আছে, নৌবন্দরগুলোকে সচল রাখার জন্য কোনো স্থাপনা নির্মাণ করা হলে বা ইতোমধ্যে নির্মিত হয়ে থাকলে এই কার্যক্রমে প্রাকৃতিক জলাধার আইন লঙ্ঘিত হবে না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নৌমন্ত্রী বলেন, “অভ্যন্তরীন নৌ-পথ এবং নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌ-বাণিজ্য এবং নৌ-পরিবহনযোগ্য নৌ-পথ গড়ে তোলাসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদী বন্দরগুলো উন্নয়নের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির জন্য ‘দ্যা পোর্টস অ্যাক্ট-১৯০৮’ সংশোধন করা প্রয়োজন।”
১৯০৮ সালের ‘দ্যা পোর্টস অ্যাক্টের’ উপর অন্যান্য আইনের প্রাধান্য থাকার কথা জানিয়ে নৌমন্ত্রী বলেন, “পরিপ্রেক্ষিতে নদী বন্দর এলাকায় বৈধভাবে স্থাপিত এবং স্থাপিতব্য টার্মিনাল ভবন, টার্মিনাল, গ্যাংওয়ে, ল্যান্ডিং স্টেশন, ট্রানজিট সেড, ওয়্যারহাউজ, জেটিগুলো, পিয়ারস, ফেরিস, ল্যান্ডি প্লেস, রাফ, কিউই, ডক, মুরিং ইত্যাদি সরকারি ও বেসরকারি স্থপনাসমূহ রক্ষার্থে ‘দ্যা পোর্টস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৫’ এর মাধ্যমে আধুনিকায়ন আবশ্যক।”
