ঢাকা মেডিকেলে রোগীর ‘আত্মহত্যার’ চেষ্টা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী টয়লেটে ঢুকে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার সকালে ২২ বছর বয়সী ওই নারীকে টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এই নারীকে গত শুক্রবার চাঁদপুরের মতলব থেকে এই হাসপাতালে আনা হয়। তিনি লিভারের জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
এএসআই সেন্টু বলেন, “সকালে ওয়ার্ডের টয়লেটে ঢুকে ফল কাটার ছুরি দিয়ে গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ভেতর থেকে গোঙানির আওয়াজ শুনে টয়লেটের উপর দিয়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে নাক, কান ও গলা বিভাগে চিকিৎসা দেওয়া হয়।”
পরে ওই নারীকে আবার আগের ওয়ার্ডে ফেরত নেওয়া হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ওই নারীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শুধু পেট ব্যথা করে। এ কারণে সে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
