‘আইনের শাসন প্রতিষ্ঠা হলে শহীদের রক্তদান সফল হবে’
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে মুক্তিযুদ্ধের শহীদদের রক্তদান সফল হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আন্তর্জাতিক ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল একটা আর্দশ নিয়ে। যেটা হল- ধর্ম নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক দেশ হবে। যেখানে শোষণ হবে না। সম্পদ কতিপয় ব্যক্তির হাতে যাবে না।
“জাতির পিতা এ স্বপ্ন দেখেছিলেন। শুধু স্বপ্নই দেখেননি তিনি সেটা বিশ্বাসও করতেন। যে কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি।”
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, এতো অল্প সময়ে স্বাধীনতা অর্জনের নজির পৃথিবীতে কোথাও নেই। আর এক বছরের মধ্যে সংবিধান রচনা হয়েছে। আরও এক বছরের মধ্যে সাধারণ নির্বাচন হয়েছে।
“যে কারণে যুদ্ধ করেছিল, যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা এনেছিল সেটা বেশি দিন টেকেনি। পরাজিত শক্তি আঘাত করেছিল। আবার যে করবে না তার কোনো বিশ্বাস নেই। এটা সম্ভব হবে না যদি গণতন্ত্রের ভীত শক্তিশালী হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়।”
প্রধান বিচারপতি বলেন, “গণতন্ত্র রাজনীতির বিষয়। এটা নিয়ে আমি বলব না। যদি আইনের শাসন দিতে পারি, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারি তাহলে শহীদের রক্তদান সফল হবে।
“আমি সারা দেশের প্রধান বিচারপতি। আমার একমাত্র আর্দশ-স্বপ্ন সবার কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠার ফল পৌঁছে দেওয়া।”
আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও জনগণ সবার সর্বাত্মক সহযোগিতা চান প্রধান বিচারপতি।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনের অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান বিচারপতিকে গান গেয়ে, ফুলেল শুভেচ্ছা দিয়ে ও প্রদীপ জ্বেলে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান বিচারপতি বলেন, “আমি আপ্লুত ও বিব্রত। আপনারা চেয়েছেন, আমি না বলতে পারি নি। বিচারক হিসেবে জনগণের সামনে বক্তৃতা করা ঠিক না। তবে জন্মাষ্টমী আয়োজনে আপনারা ধর্মের কোনো ভেদাভেদ রাখেননি। তাই আমি আনন্দিত।”
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজল কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাঁশখালী ঋষিধামের মোহন্ত সুদর্শনানন্দ পুরী মহারাজ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শক্তিনাথানন্দ মহারাজ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদা, পরিষদের কেন্দ্রীয় নেতা দেবাশীষ পালিত, তপন কান্তি দাশ, এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, পরিষদ নেতা বিমল কান্তি দে।
