১২ শিক্ষার্থীর হাতে সিতারা পারভীন পুরস্কার
২০১৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় ভাল ফলাফলের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
এরা হলেন- জেনিনা ইসলাম আবির, রুমান সিকদার, নাজমা আখতার, নিশাত পারভেজ, ছোটন দেব নাথ, মৌসুমী খাতুন, সাহিবুর রহমান, তৌফিক আজিজ, ফারজানা সুলতানা, ফারহানা জেসমিন, মুশফিকা ইসলাম ও শরিফা উম্মে শিরিনা।
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার স্মরণে প্রতি বছর বিভাগের পক্ষ থেকে কৃতি শিক্ষর্থীদের এই পুরস্কার দেওয়া হয়।
বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে “বহে নিরন্তর নাট্যধারা’ শীর্ষক অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকের। ধন্যবাদ জানান অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।
