প্রতিবন্ধীদের চাকরির উপযোগী করবে সিআরপি
তৈরি পোশাক কারখানায় প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে একটি পরিপূর্ণ চাকরি কেন্দ্র খুলছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
তৈরি পোশাক কারখানা মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান জিআইজেড এর সহযোগিতায় আগামী সেপ্টেম্বরের মধ্যে এ চাকরি কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।
সোমবার দুপুরে সিআরপি মিরপুর শাখার মিলনায়তনে ওই তিনটি সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
বিজিএমইএ সহসভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, সিআরপি এর নির্বাহী পরিচালক শফিক-উল-ইসলাম ও জিআইজি এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জোয়েচেন ওয়েইকার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এর আগে বক্তব্যে শফিক-উল-ইসলাম জানান, গত পাঁচ বছরে প্রায় ৫০০ শারীরিক প্রতিবন্ধী নারীকে কাজের উপযোগী করে চাকরির ব্যবস্থা করেছেন তারা।
“২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধ্বসের পর সেখানে ক্ষতিগ্রস্তদের চাকরির সুযোগ সৃষ্টির চিন্তা থেকে এই কার্যক্রম বড় পরিসরে শুরু হয়। এখন দুটি প্রতিষ্ঠান এগিয়ে আসার কারণে একটি পরিপূর্ণ চাকরি কেন্দ্র খোলার দিকে এগোচ্ছি।”
আগে শুধু শারীরিক প্রতিবন্ধীরা থাকলেও এখন থেকে সব ধরনের প্রতিবন্ধীদের চাকরি কেন্দ্রের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে সিআরপি নির্বাহী বলেন, “সমঝোতা স্মারকের মূল লক্ষ্যই হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা; সেই সঙ্গে পোশাক শিল্পে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।”
রিয়াজ বিন মাহমুদ বলেন, “আমরা যাদের ডিজ্যাবলড বলছি, তারা আসলে ডিজ্যাবলড নয়; ডিফারেন্টলি অ্যাবল। বিশাল সংখ্যক এই মানুষকে আমরা কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চাই। নতুন নতুন প্রক্রিয়া উদ্ভাবনী কার্যক্রমে তারা কাজের উপযোগী হয়ে উঠবে।”
জিআইজেড কর্মকর্তা জোয়েচেন ওয়েইকার্ট বলেন, “একটু সুযোগ পেলে এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠী কাজের উপযোগী হতে পারে। তাদের জন্য তিন প্রতিষ্ঠানের যৌথ এই উদ্যোগ।”
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ন্যাশনাল স্কিলস ডেভলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী এ বি এম খোরশেদ আলম, জিআইজেড এর জ্যেষ্ঠ উপদেষ্টা বেটিনা স্মিট ও অপর জ্যেষ্ঠ উপদেষ্টা সারওয়াত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
